
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে তিনদিন ব্যাপী দীক্ষাক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটি বাংলাদেশ স্কাউটস এর অধীনে সাটুরিয়া, মানিকগঞ্জ অঞ্চলে ১৫-১৭ জানুয়ারি তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মো রেজাউল করিম,ট্রেজারার,গ্রুপ সম্পাদক অধ্যাপক মো.মিন্টু আলী বিশ্বাস,আরএসএলগণ,
জকসু ভিপি মো রিয়াজুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং অন্যান্য প্রতিনিধিগণ,সাবেক সিনিয়র রোভার মেট এবং অন্যান্য সদস্যগণ।
জবি উপাচার্য এর শুভ উদ্বোধন এর মাধ্যমে ক্যাম্পের সকল কার্যক্রমের শুরু করা হয়।দীক্ষাক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার প্রশিক্ষণ কেন্দ্র। দীক্ষাক্যাম্প সেই যাত্রার প্রথম ধাপ।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং একাডেমিক ও নৈতিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ ক্যাম্প অনুষ্ঠিত করা হয় । শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, ক্রেডিট সিস্টেম, উপস্থিতি নীতিমালা, গ্রন্থাগার ও গবেষণা সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
দীক্ষাক্যাম্পের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, মানসিক স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা, মাদকবিরোধী সচেতনতা এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া দলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক পরিচয় ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা হয়।
অনুষ্ঠানের একাংশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি উপস্থাপন করা হয়, যা দীক্ষাক্যাম্পে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্প প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
দীক্ষাক্যাম্পে অংশ নেওয়া একাধিক নবীন শিক্ষার্থী জানান, এই আয়োজন তাদের ভয় ও দ্বিধা দূর করতে সহায়তা করেছে এবং বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে আত্মবিশ্বাস তৈরি করেছে। তারা বলেন, দীক্ষাক্যাম্পের মাধ্যমে শিক্ষক ও সিনিয়রদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়া অত্যন্ত উপকারী হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের দীক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীক্ষাক্যাম্প প্রতিবছরই নবীন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে।