আজ মুক্তি পেয়েছে কলকাতার নির্মাতা দেবালয় ভট্টাচার্য পরিচালিত চলচ্চিত্র ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’। নিজের পরিচালনায় নতুন এই ছবির মুক্তির আগেই পরিচালক তার পরবর্তী ওয়েব সিরিজের কাস্টিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে।
জানা যায়, গেলো বছর দেবালয় পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অবশ্য ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর সাম্প্রতিক বছরের নতুন কনটেন্ট ঘোষণার সময় জানা গিয়েছিল, দেবালয় ‘মধ্যরাতের অপেরা’ নামের একটি ওয়েব সিরিজ় পরিচালনা করবেন। তবে শোনা যাচ্ছে, আপাতত সেই সিরিজটির কাজ শুরু হচ্ছে না। নতুন অন্য একটি সিরিজ নির্মাণে উদ্যোগী হয়েছেন দেবালয়।
এটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার হতে পারে বলে জানানো হয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শোলাঙ্কি রায়। বিগত কয়েক বছরে সিনেমার প্রতি মনোনিবেশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী। সে দিক থেকে লম্বা বিরতির পর আবার ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখতে চলেছেন দর্শক। তিনি ছাড়াও এই সিরিজের আরও দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করবেন অলিভিয়া সরকার এবং রিয়া গঙ্গোপাধ্যায়।
জানা গেছে, বেশ কয়েকজন অভিনেতার কাছে এই সিরিজে নায়কের জন্য প্রস্তাব গেছে। তার মধ্যে নীল ভট্টাচার্যের নামও রয়েছে। অবশ্য নীল এই সিরিজে অভিনয় করবেন কী না, তা এখনও স্পষ্ট নয়। নীল ছোট পর্দার জনপ্রিয় মুখ। সেখানে তিনি এই সিরিজে যোগ দিলে তা দর্শকের কাছে নতুন চমক হতে পারে। আপাতত কাস্টিং এবং অভিনেতাদের সময় পাওয়া নিয়ে আলোচনায় ব্যস্ত নির্মাতারা। তার পরেই শুরু হবে শুটিং।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com