
গাজীপুরের কাপাসিয়ায় দেবরের ছুরির আঘাতে সৌদী প্রবাসীর স্ত্রী মোসাঃ বৃষ্টি আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে আপন দেবর ইলিয়াসের ছুরির আঘাতে গুরুতর আহত হন ভাবী বৃষ্টি আক্তার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বৃষ্টি আক্তারের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। গাজীপুরের কাপাসিয়া উপজেরার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের মো: সেলিম মিয়ার সাথে বিয়ের পর ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। স্বামী সেলিম মিয়া সোদি প্রবাসী। ঘাতক দেবর মোঃ ইলিয়াস মিয়া (২০) একই গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, রোববার (২ মার্চ) দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে স্বামীর বাড়িতে মোসাঃ বৃষ্টি আক্তারকে ছুরিকাঘাত করে দেবর ইলিয়াস মিয়া। এতে বৃষ্টি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় বৃষ্টি আক্তারকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পরামর্শ দেন চিকিৎসক। ওই হাসপাতালে নেয়ার পথে বৃষ্টি আক্তার মৃত্যুবরণ করেন।
এবিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, আমরা বিষয়টি নিয়ে নিহতের স্বামীসহ পরিবারের অন্যান্যদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে ঘাতক দেবর ইলিয়াস বেকার ও মাদকাসক্ত। মাঝে মধ্যে প্রবাসী সেলিমের কাছে টাকা পয়সা দাবি করতো সে। ঘটনার দিন দুপুরে ইলিয়াসের মা টয়লেটে ও বাবা নামাজে থাকা অবস্থায় হঠাৎ বৃষ্টিকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় ইলিয়াস। পরে বৃষ্টিকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।