শনিবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার-ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনও কাজ কারও করা উচিত হবে না। সব সাধারণ আনসার সদস্যকে নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে। মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে যে মুষ্টিমেয় কয়েকজন উসকানিদাতা এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসারদের উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সে ক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে।
সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। সব সাধারণ আনসার সদস্যকে দ্রুত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।
ওই কমিটির কাছ থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।
আশা করা যায়, এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
