
নারায়ণগঞ্জে রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তসহ মানুষ পুড়িয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপসী এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, ‘বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রূপগঞ্জে যত অপকর্ম হয়েছে সেগুলো শুধরে নিয়ে নতুন বাংলাদেশে রূপগঞ্জকে নতুনভাবে গড়ে তোলা হবে।
এলাকার সকল সন্ত্রাসি, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীরা তাদের অপকর্ম বন্ধ না করলে লাখো জনতা তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা।
সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সমালোচনা করে তিনি বলেন, ‘গাজী সাহেব তার স্ত্রীকে এখানে ফেলে চলে গিয়েছেন। মানুষ এত কাপুরুষ হতে পারে আমার জানা ছিল না। এছাড়া গাজী ফ্যাক্টরিতে যে ঘটনা ঘটেছে তার সুষ্ট তদন্ত করে বিচার করতে হবে। লাশের রাজনীতি গাজী সাহেবরাই করেছে। আবার আমার দলের একজন সেখানে গিয়ে মায়াকান্না করেছেন।
তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
এর আগে দুপুর বারোটা থেকে উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার নেতা-কর্মী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিকেলের মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠলে সমাবেশটি মহাসমাবেশে পরিণত হয়।