ঔষধ বিক্রেতা ভুল করে ভুল ঔষধ দেওয়ায় সংকটাপন্ন এক নারী। উনার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মহিউদ্দিন রানা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছেন।
চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে লেখা ছিল (ডেনিক্সিল) ঘুমের ওষুধ। তবে ওষুধ বিক্রেতা তা না দিয়ে ভুলক্রমে রোগীকে দেন ( ডাইক্যালট্রল) কিডনির ওষুধ। ওষুধ খেয়ে রোগীর অবস্থা এখন শঙ্কটাপন্ন। অভিযুক্ত ফার্মেসীর নাম "মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপার শপ"।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযোগকারীর মা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত (১ অক্টোবর) মঙ্গলবার ময়মনসিংহ ভেনাস হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. এ. কে. এম. সাজিদুর রহমান সিদ্দিক নামে একজন চিকিৎসকের শরনাপন্ন হন তিনি। চিকিৎসক তাঁর মায়ের শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর বেশ কিছু ওষুধ লিখে দেন। এরপর মঙ্গলবার রাতেই ঈশ্বরগঞ্জ পৌর বাজার ও ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত "মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপার শপ" থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ ক্রয় করেন ভুক্তভোগীর ছেলে।
ওষুধ খাওয়ার পর থেকে তাঁর মায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর গতকাল শুক্রবার প্রেসক্রিপশনের
সাথে ক্রয়কৃত ওষুধ মিলিয়ে দেখলে ভুল ধরা পড়ে। পরে স্থানীয় এক চিকিৎসককে দেখালে তিনি জানান, ঘুমের ওষুধের পরিবর্তে দোকানদার ভুলক্রমে কিডনির ওষুধ দিয়েছে। ভুল ওষুধ খাওয়ার কারণে রোগীর এমন সমস্যা হয়েছে বলে জানান স্থানীয় ওই ডাক্তার ।
এ প্রসঙ্গে অভিযোগকারী মো. মহিউদ্দিন রানা বলেন- 'ভুল ওষুধ খাওয়ার পর থেকেই আম্মার হাত-পা ফুলে যায়, এবং সারা শরীরে প্রচন্ড ব্যথাসহ প্রস্রাবে জ্বালাপোড়া শুরু হয়। বর্তমানে আম্মার অবস্থা খুবই সংকটাপন্ন।'
এ প্রসঙ্গে জানতে চাইলে মা ফার্মেসি এন্ড সুপার শপের মালিক আব্দুল মতিন বলেন- 'বিষয়টি সত্যিই ভুল হয়েছে।
এ বিষয়ে আপনি যা বলবেন আমি তা-ই করব।' তাছাড়া তাঁর ফার্মেসির কারোই ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট অথবা ফার্মেসী টেকনিশিয়ান কোর্স করা নেই বলেও স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন- 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেই সকল ফার্মেসিগুলো সরকারি নিয়ম-নীতির বাইরে অনভিজ্ঞ জনবল দিয়ে ফার্মেসী পরিচালানা করছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com