
দীর্ঘ সাত বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফাইন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মীর নূর নবী। জীবনের এই কঠিন যুদ্ধে তিনি কখনো হার মানেননি। তবে সম্প্রতি ক্যান্সার আবারও ফিরে এসেছে তার শরীরে এবং তা ছড়িয়ে পড়েছে ফুসফুসে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
নূর নবীর চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তা করতে এগিয়ে এসেছে তার সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয় পরিবার। তাদের উদ্যোগে আগামী ২৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চ্যারিটি কনসার্ট—“জীবনের জন্য গান”।
২০১৭ সালে এসএসসি পরীক্ষার পর নূর নবীর শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে তখন তার বাম পা কেটে ফেলতে হয়। তবুও মনোবল হারাননি তিনি। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে এবং সাভার থেকে প্রতিদিন প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন। ইতোমধ্যে তিনি সফলভাবে সাতটি সেমিস্টার সম্পন্ন করেছেন।
সহপাঠীদের ভাষায়, নূর নবী সবসময় হাসিখুশি, ইতিবাচক ও পরিশ্রমী একজন শিক্ষার্থী, যিনি সবার কাছে অনুপ্রেরণার উৎস। কিন্তু এখন আবারও ক্যান্সারের পুনঃআক্রমণে তার জীবন হুমকির মুখে। পরিবারের আর্থিক সঙ্কটে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এই প্রেক্ষাপটে নূর নবীর চিকিৎসা তহবিল গঠনে আয়োজন করা হচ্ছে “জীবনের জন্য গান” শিরোনামের চ্যারিটি কনসার্ট। আয়োজকদের ভাষায়, “এটি শুধু একটি কনসার্ট নয়, বরং এক মানবিক উদ্যোগ—যেখানে সুরের মাধ্যমে ছড়িয়ে পড়বে ভালোবাসা, সহানুভূতি ও সহায়তার বার্তা।”
কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা—অ্যাসেজ, নেমেসিস, কুড়েঘর, ফিরোজ জং, সোহান আলী, আপেক্ষিক, গল্প, চান্দের গাড়ি, এভারর্স এবং স্বরুপ।
আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, “প্রতিটি টিকিটই একটি জীবনের প্রতি সহানুভূতির প্রতীক। সংগীতের মাধ্যমে আমরা সবাই মিলে নূর নবীর পাশে দাঁড়াতে চাই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বাস করেন—“একটি মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় মানবতা।” নূর নবীকে বাঁচাতে এখন বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে এক মানবিক আন্দোলন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা এক সুরে বলছেন—“আমাদের বন্ধু নূর নবী আবার ক্লাসে ফিরুক, পরীক্ষার হলে বসুক, হাসুক—এই স্বপ্নটাই এখন আমাদের সবার।”
“জীবনের জন্য গান” শুধু একটি কনসার্ট নয়, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের একতার প্রতীক—যেখানে সুর, ছন্দ ও ভালোবাসার মাধ্যমে উচ্চারিত হচ্ছে একটাই বার্তা: একটি জীবন বাঁচাতে আমরা সবাই একসাথে।