
রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে আশেকে রাসুল জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতের যে কোন সময়ে পাশের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে সেখানকার দেওয়াল ভেঙে স্বর্ণের দোকানটিতে প্রবেশ করে দুর্বৃত্তরা ।
দোকানের মালিক আমিরুল ইসলাম মনা বলেন, আমার পাশে একটি হোমিও ফার্মেসি রয়েছে, সে দোকানদার সকালে আমাকে ফোন করে জানায় তার দোকানের তালা ভাঙ্গা এবং তার দোকান এবং আমার দোকানের মাঝের দেয়ালটিও ভাঙ্গা। খবর পেয়ে আমি সাথে সাথে দোকানে আসি, এসে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে।
দোকানের ডিসপ্লে তে থাকা ও লকার ভেঙে প্রায় ৬০ থেকে ৭০ ভরি স্বর্ণ, প্রায় ১৫০ ভরি রুপা ও নগদ এক লক্ষ ৩৫ হাজার টাকা লুট হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
ঘটনাস্থলে সকাল থেকেই ভির করছেন উৎসুক জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। আশপাশের ব্যবসায়ীরাও রয়েছেন আতঙ্কে।
প্রতিবেশী ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, এভাবে দেওয়াল ভেঙে যদি চুরি-ডাকাতি হয় তাহলে আমরা ব্যবসায়ীরা কোথায় যাব। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোন নিরাপত্তা নেই, আজ এই দোকানে চুরি ডাকাতি হয়েছে কাল যে আমার দোকানে হবে না তার নিশ্চয়তা কে দিতে পারবে। আমরা ব্যবসায়ীরা সবাই এখন আতঙ্কের মধ্যে আছি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সিআইডির ক্রাইম সিন বিভাগ।
পুলিশের মতিঝিল বিভাগের এডিসি (খিলগাঁও জোন) ফয়েজ ইকবাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের মালামালসহ আটকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব।