
চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরির অভিযোগে মো. মহিউদ্দিন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৯ মে) রাতে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন উপজেলার ছদহা ইউনিয়নের বাসিন্দা।
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, স্থানীয় লোকজন ধান কেটে শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে রেখেছিলেন। সেখান থেকে আগেও ধান চুরি হয়েছিল। সেজন্য তারা পাহারায় ছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছোট একটি পিকআপ নিয়ে তিনজন ধান চুরি করতে যান। পাঁচ বস্তা ধান তারা গাড়িতে তুলে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখে ধাওয়া করে একজনকে ধরে ফেলেন।
ওসি প্রিটন সরকার আরও বলেন, এ সময় অন্য দুইজন পালিয়ে গেলেও মহিউদ্দিনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে স্থানীয়দের পিটুনিতে মহিউদ্দিন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।