
নতুন মন্ত্রিসভার শপথ হবে আগামী বৃহস্পতিবার (১১ই জানুয়ারি)। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে মঙ্গলবার (৯ই জানুয়ারি) বিকেলে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা আজ বুধবার শপথ নেন। সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। চলতি একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ গণমাধ্যমকে এই তথ্য জানান।
৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।