
গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়ছে। এতে আরও তিনজন আহত হয়েছে। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত প্রাইভেটকার চালক মোহাম্মদ উল্লাহ মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাষ্টারের ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ নিহত হন। এসময় প্রাইভেটকারে থাকা তিন সহদর ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬) আহত হয়।
সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাস ও প্রাইভেটকারটি পুড়ে যায়।
আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে। #