
বিপুল পরিমাণ মাদকসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল (৩০ জুন) বিকালে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১৭,৬১,০০০/- (সতের লক্ষ একষট্টি হাজার) টাকা মূল্যমানের ৫৮৭০ (পাঁচ হাজার আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম মনি আক্তার (২১), ও নাসিমা আক্তার (২৬), বলে জানা যায়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।