
আজ সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খবর পায়, চট্টগ্রাম মালবাহী কভার ভ্যানে করে পলিপ্রোপিলিন (পাস্টিকের কাঁচামাল) এর আড়ালে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের দিকে আসছে একটি মাদক কারবারিচক্র। ওই মালবাহী কভারড ভ্যানটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় পৌঁছালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের ওই আভিযানিক দল মালবাহ কভার ভ্যানটি থামায় এবং কভার ভ্যানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কভার ভ্যানে মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
পরবর্তীতে কভার ভ্যানে তল্লাশী চালিয়ে আসামীদের দেখানো মতে আনুমানিক ৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২৮ (আটাশ) কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ ইব্রাহিম শেখ (৩২), শেখ হৃদয় হাসান (২৪), ও মোঃ হেলাল উদ্দিন (২১), বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত কভার ভ্যান টি জব্দ করা হয়।
এছাড়া গতকাল দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের ওই আভিযানিক দল ঢাকা থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫,৭৯,২০০/- (পনের লক্ষ ঊনাশি হাজার দুইশত) টাকা মূল্যমানের ৫,২৬৪/- (পাঁচ হাজার দুইশত চৌষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রহিম (৬৫)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত মোঃ আব্দুর রহিমের নামে রংপুরের কোতয়ালী ও চট্টগ্রামের পটিয়া থানায় মাদক মামলাসহ ০২টি মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।