
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খিলগাঁও থানার ১ নং ওয়ার্ডের সাবেক শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম ও খিলগাঁও থানার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রানা।
মঙ্গলবার (১ অক্টোবর) খিলগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মো: দাউদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪ আগস্ট খিলগাঁও থানার মালিবাগ কমিউনিটি সেন্টারের কাছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাব্বির হোসেন নামে এক জন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন আহত সাব্বিরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন সাব্বির। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়।
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাব্বিরের ওপর আক্রমণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃ দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।