
চুয়াডাঙ্গা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ঠিক এমনই একটি খবর আসে র্যাব-১০ এর কাছে।
ওই সংবাদের সূত্র ধরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। বাসটি র্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয়।চেক পোস্টে কর্তব্যরত মহিলা র্যাব সদস্য’র মাধ্যমে বাসের ভিতরে থাকা একজন মহিলাকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে আনুমানিক ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা মূল্যমানের ১০২ (একশত দুই) বোতল ফেনসিডিলসহ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোছাঃ হালিমা বেগম ময়না (৩৪), বলে জানা যায়।
আজ এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।