বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।
ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে সাফওয়ান নিখোঁজ হয় বলে জানান স্বজন ও স্থানীয়রা।
পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার।
আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ দিকে, শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করে এই মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com