
লক্ষ্মীপুরে আপন ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই জাহাঙ্গীর হোসেন (২৭) নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজ দৌলা, পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে সাহেদ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ও মাহফুজ একই ফ্যামিলির নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে নিহত জাহাঙ্গীরের শিশু সন্তান পাশের ঘরের গ্লাসে লাঠি নিক্ষেপ করে। এ ঘটনা জাহাঙ্গীরের বাবা তার নাতিকে শ্বাসায়। এ নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে বাবাকে মারধর করে ছেলে জাহাঙ্গীর। এতে ছোট ভাই মাহফুজ বাধা দেয়। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মাহফুজ বড় ভাই জাহাঙ্গীরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফ উদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাহাঙ্গীরের মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয় নি। হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।