
জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
আজ শুক্রবার (২৭ মার্চ) জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জকসু ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা টাঙ্গাইলে শহীদ সাজিদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তারা শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে তার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্বিত সন্তান। তার আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
উল্লেখ্য, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন ইকরামুল হক সাজিদ। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।