
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক শোকবার্তায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ডিইউজের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধে উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন আসাদ চৌধুরী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। স্বাধীনতা উত্তরকালে সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে সাহিত্য কর্ম সৃষ্টি করেন আসাদ চৌধুরী।
নেতৃবৃন্দ আরো বলেন, কবিতা ও লেখালেখিতে অবদানের জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আসাদ চৌধুরী। সংগ্রামের শব্দে-বাক্যে অমর হয়ে থাকবেন তিনি।