স্ত্রী-কন্যাসহ বাহাউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
-হাবিবুর রহমান বাবু
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা এবং স্ত্রী মেহেরুন্নেছার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ তাদের বিরুদ্ধে এই তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি জানান, আ.ক.ম. বাহাউদ্দিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপপ্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখেছেন।
এ ছাড়া তিনি ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৯০৫ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছেন।
এসব অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, আ.ক.ম. বাহাউদ্দিনের মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা পাবলিক সার্ভেন্ট থাকাবস্থায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন । ১৬টি ব্যাংক হিসাবে তিনি জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছেন। এসব অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, অপর মামলার এজাহারে বলা হয়, আ.ক.ম. বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন্নেছা একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন এর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে নিজেকে ব্যবসায়ী হিসেবে আয়কর নথিতে প্রদর্শিত করে তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার নিজ নামে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন এবং আ.ক.ম. বাহাউদ্দিন তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে ওই জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে মেহেরুন্নেছা এবং আ.ক.ম. বাহাউদ্দিন'র বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া আ.ক.ম. বাহাউদ্দিনের মেয়ে আয়মান বাহার ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও আজিজা বাহার কর্তৃক ৬৫ লাখ ৫৫ হাজার ২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের উৎস ও উৎসসমূহের সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরুপনের লক্ষ্যে তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com