
অনেকদিন পরে দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপ্রিয় সংগঠন ফেনী থিয়েটারকে মঞ্চে দেখতে পেয়ে দর্শকদের চোখেমুখে মুগ্ধতার ঝিলিক দেখা গেছে।
ফেনী থিয়েটার শুক্রবার রাতে মঞ্চস্থ করেছে হাসির নাটক ‘পেজগী’। ফেনী পিটিআই মাঠে জেলা প্রশাসন আয়োজিত পাঁচদিনব্যাপী বৈশাখী মেলার শেষদিনে পেজগী মঞ্চস্থ হয়।
ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী ও বাসসের সিনিয়র সাংবাদিক তানভীর আলাদিন এই প্রতিবেদককে জানান- ‘পেজগী’ ফেনী থিয়েটারের ৩৬ তম প্রযোজনা। এটি বছর তিনেক আগেও আমাদের নিয়মিত প্রদর্শনীতে ছিলো। কিন্তু দীর্ঘ একটি সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অন্যান্য স্থানের মতো ফেনী থিয়েটারও তার সহজাত কাজ চালিয়ে যেতে পারেনি। আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ যে তারা আবারো ফিরে এসেছেন এবং ভালোবাসা দিয়েছেন।
জে. বি. পি মলিয়েঁরের গল্প অবলম্বনে ও অপু আমানের রূপান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু।
নির্দেশক রাজু জানান, আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে ভীনদেশি কিছু অপসংস্কৃতি কিভাবে মিশে গিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করছে,এ বিষয়টি উপজীব্য করে নাটকটি রচিত হয়।
‘পেজগী’ নাটকের কেন্দ্রীয় চরিত্র পেজগী মিয়া প্রকৃতপক্ষে একজন কাঠমিস্ত্রি। তার চরিত্রের বৈশিষ্ট্য হলো মদ খাওয়া, মিথ্যা বলা এবং ইংরেজি বলার ব্যর্থ চেষ্টা চালানো।
বউয়ের প্ররোচনায় ঘটনাচক্রে পেজগী মিয়া হয়ে যায় হেকিম। চিকিৎসার দায়িত্ব পড়ে নিরক্ষর বিত্তশালী আজগর আলীর বাকশক্তি হারানো একমাত্র কন্যা লিপির।
লিপি মূলত সম্পূর্ণ সুস্থ। সে তার প্রেমিক আকাশ মিয়াকে পাওয়ার জন্য খালা কুলসুমের কুবুদ্ধিতে এ অসুস্থতার ভান করে। চতুর পেজগী মিয়া লিপি, আকাশ, আজগর আলী সবার কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে নেয়।
আকাশ হঠাৎ করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে যায়। এতে আজগর আলী তার মেয়ে লিপিকে আকাশের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়। তে হঠাৎ করেই পেজগী মিয়ার সব ভণ্ডামি ধরা পড়ে। অবশেষে নাকানিচুবানি খেতে হয় পেজগী মিয়াকে। এভাবেই এগিয়ে যাবে নাটকটির গল্প।
এতে অভিনয় করেছেন- আনোয়ার হোসেন রাজু, ফজলুল হক রনি, সাজ্জাদুল সানি, ইরফান, ফাতেমা জান্নাত শশী, আব্দুল্লাহ আল ফাহাদ, ত্বকি প্রমুখ।
ভারপ্রাপ্ত সদস্য সচিব ফজলুল হক রনি বলেন, স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে এটি মঞ্চায়ন করতে গিয়ে বেগ পেতে হয়েছে। কারণ তিন বছর আগে যারা শিক্ষার্থী ছিলেন তারা কেউ কেউ এখন চাকরিজীবী। তাই এবারের সবাইকে নিয়ে কাজ করা কঠিন ছিলো। তবে প্রদর্শনীর সময়টা আরেকটু বেশি পেলে নাটকটি কাটছাঁট না করে পুরোপুরি করা যেতো, তবুও বলবো-আমরা আবার শুরুতে করতে পেরেছি।
তানভীর আলাদিন দু’জনকে বিশেষ ধন্যবাদ জানালেন- এর একজন ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী ও জেলা জাসাসের শীর্ষজন কাজী ইকবাল আহমেদ পরান, যার অক্লান্ত পরিশ্রম ছিলো এবার এটি মঞ্চে তোলা গেছে। অপরজন ফাতেমা জান্নাত শশী যিনি পেজগী’র অন্যতম চরিত্রে ছিলেন, তিনি সুদূর গাজীপুরে চাকরি থেকে ছুটি নিয়ে এসে আবার শো শেষ করে কর্মস্থলে উড়াল দিয়েছেন।
তানভীর আলাদিন মনে করেন- নতুন পুরাতনের সংমিশ্রণ ঘটিয়ে আবরো আমরা এগুতে হবে। তাই ফেনী থিয়েটারের জন্যে নতুন নাট্যকর্মী সংগ্রহ চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সদস্য সংগ্রহ অভিযান চলবে।
আগ্রহীরা যোগাযোগ করুন: রাজু # 01616-284861/রনি# 01632-246263