1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির দাপট, ফাইনাল ছাড়াই এশিয়া কাপ পাকিস্তানের আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান কারাবরণ, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসকে রুখতে হবে: তারেক রহমান গণতন্ত্রের খোলস থেকে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার খোঁজে বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ

কারাবরণ, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে পৌঁছানো এক রাজনৈতিক নেতৃত্বের নাম তারেক রহমান। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ, শারীরিক নির্যাতন, দীর্ঘ প্রবাসজীবন এবং দলীয় নেতৃত্বের নানা চ্যালেঞ্জ অতিক্রম করে তাঁর বর্তমান অবস্থানে আসার পথটি ছিল ঘটনাবহুল। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতার পরিচয় এবং রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। এখন সেই রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিকল্পনার বাস্তব প্রয়োগের দায়িত্ব তাঁর কাঁধে।

আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। তাঁর জন্মদিনের এই উপলক্ষে ফিরে দেখা যেতে পারে রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। একই সঙ্গে বিশ্লেষণের সুযোগ রয়েছে তাঁর নেতৃত্বের বিকাশ, রাষ্ট্রভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তাঁর পরিকল্পনার দিকগুলো।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের বেড়ে ওঠা রাজনৈতিক আবহের মধ্যেই। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তাঁর জীবনের প্রাথমিক প্রেক্ষাপট তৈরি করলেও পরবর্তী সময়ে নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক উদ্যোগ ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি নেতৃত্বের অবস্থানে পৌঁছেছেন।

আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথের রাজনীতিতে তাঁর সম্পৃক্ততা শুরু হয়। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯০ সালের গণ-আন্দোলন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও সাংগঠনিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের বিষয়ে তিনি বিশেষ আগ্রহ দেখান।

বগুড়ায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডকে নতুন মাত্রা দেয়।

২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দল পুনর্গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বৃদ্ধিতে তিনি সক্রিয় হন। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগ তাঁর সাংগঠনিক নেতৃত্বকে আরও বিস্তৃত করে।

তারেক রহমানের রাজনৈতিক পথচলায় সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরের সময়। ১১ জানুয়ারির পরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। কারাবন্দি অবস্থায় শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও ওঠে।

২০০৮ সালের ৯ জানুয়ারি ঢাকার একটি আদালতে রিমান্ডে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছিলেন তিনি। তাঁর আইনজীবীরাও কারাগারে নির্যাতনের কারণে মেরুদণ্ডে গুরুতর আঘাতের বিষয়টি আদালতে উপস্থাপন করেন। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাঁকে লন্ডনে যেতে হয়।

চিকিৎসার উদ্দেশ্যে সাময়িকভাবে দেশত্যাগ করলেও সেই যাত্রাই দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনে রূপ নেয়। এই সময়ের মধ্যে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, মা বেগম খালেদা জিয়ার কারাবাস এবং পরিবারের ওপর নেমে আসা নানা রাজনৈতিক ও ব্যক্তিগত সংকট তাঁর জীবনকে গভীরভাবে প্রভাবিত করে।

দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশের রাজনীতি ও দলের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। বরং দীর্ঘ প্রবাসজীবনে ব্যক্তিগত বেদনা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের সাংগঠনিক দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি। মাতৃভূমি থেকে দূরে থেকেও রাজনৈতিক নেতৃত্ব ধরে রাখা এবং দলকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা তাঁর রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়।

২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। লন্ডনে অবস্থান করেই তাঁকে দল পরিচালনার দায়িত্ব পালন করতে হয়। দীর্ঘদিন ধরে মামলা, গ্রেপ্তার, রাজনৈতিক চাপ ও সাংগঠনিক প্রতিকূলতার মধ্যে থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা তাঁর জন্য ছিল বড় চ্যালেঞ্জ।

ভার্চুয়াল যোগাযোগ, নিয়মিত সাংগঠনিক নির্দেশনা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে তিনি দলের নেতৃত্ব দেন। দেশের বাইরে থেকেও দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে তাঁর এই ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তারেক রহমানের রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ ঘটে ২০২৩ সালে। ওই বছরের ১২ জুলাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে যুক্ত বিরোধী দলগুলোকে একটি অভিন্ন দাবিতে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এর ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৩ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেন তিনি। এই প্রস্তাবের লক্ষ্য ছিল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিচালনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।

৩১ দফায় সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, অর্থনীতি, স্থানীয় সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমিত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষার মতো বিষয় এতে গুরুত্ব পায়।

রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার একটি বিকল্প কাঠামো ও সংস্কার পরিকল্পনা উপস্থাপন ছিল এই উদ্যোগের বিশেষ দিক। এর মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে তাঁর রাজনৈতিক ভাবনার একটি প্রাতিষ্ঠানিক রূপ প্রকাশ পায়।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান তারেক রহমানের রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে বিস্তৃত হলে তিনি প্রবাসে থেকেই পরিস্থিতির ওপর নজর রাখেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএনপির নেতাকর্মী এবং গণতন্ত্রকামী মানুষকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

১৬ জুলাই যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোর যৌথ বিবৃতি, ১৭ ও ১৯ জুলাই তাঁর ধারাবাহিক বার্তা এবং ২১ জুলাই জাতীয় ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে আন্দোলনের প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন অব্যাহত থাকে।

এ সময় বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় সাংগঠনিক নির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ২০২৫ সালের জুনে এক বক্তব্যে জানান, শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করলে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের তা বাস্তবায়নের নির্দেশ দিতেন। লন্ডনে অবস্থান করেও আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

এ কারণে জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা কেবল আন্দোলনের প্রতি রাজনৈতিক সমর্থন জানানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বিএনপির সাংগঠনিক শক্তিকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাখার ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও নতুন অধ্যায়ের সূচনা করে।

এরপর ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিযাত্রাকে নতুন পর্যায়ে নিয়ে যায়। যে রাজনৈতিক নেতৃত্ব একসময় আন্দোলন, দল পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে কাজ করেছেন, এখন তাঁকেই রাষ্ট্র পরিচালনার পূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর নেতৃত্বের মূল্যায়নের ক্ষেত্রও আরও বিস্তৃত হয়েছে। এখন রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং নাগরিক প্রত্যাশা পূরণের বিষয়গুলো তাঁর নেতৃত্বের অন্যতম প্রধান পরীক্ষায় পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনায় উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণ কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে বিবেচনা করা হয়নি। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিকে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

তাঁর ঘোষিত ‘থ্রি-আর’ কৌশল—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মাধ্যমে অর্থনীতির পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি তৈরির পরিকল্পনা সামনে আনা হয়েছে।

তবে এই পরিকল্পনা শুধু থ্রি-আর কৌশলের মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তাকে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনার প্রচেষ্টা রয়েছে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পরিবার এবং কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন এবং ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি কৃষি উৎপাদন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেশ কিছু পরিকল্পনা গুরুত্ব পেয়েছে। নারীশিক্ষার সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা এবং শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য মানবসম্পদ উন্নয়নের প্রতি সরকারের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরে। পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর উদ্যোগের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো উন্নয়নের সুফল যেন কেবল শহর বা সুবিধাভোগী জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রান্তিক ও পিছিয়ে থাকা মানুষের কাছেও পৌঁছায়।

অর্থনীতিকে গতিশীল করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রেও সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ সহায়তা, নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন এবং শিল্প করিডর গঠনের উদ্যোগ উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে।

একই সঙ্গে মোংলা বন্দরের আধুনিকায়ন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা অর্থনৈতিক সক্ষমতা ও জ্বালানি নিরাপত্তা জোরদারের সঙ্গে সম্পর্কিত।

আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তাঁর সরকারের কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথম ভাষণে থ্রি-আর কৌশলের পাশাপাশি কর্মসংস্থান, জলবায়ু ন্যায়বিচার, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন তিনি। এসব বিষয় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

সব মিলিয়ে তাঁর রাষ্ট্রচিন্তায় সামাজিক নিরাপত্তা, উৎপাদনশীল অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক মর্যাদা অর্জনের বিষয়গুলোকে পরস্পরসম্পর্কিত হিসেবে বিবেচনা করা হয়েছে।

তারেক রহমানের রাজনৈতিক জীবনকে একদিকে যেমন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস হিসেবে দেখা যায়, অন্যদিকে এটি একটি রাজনৈতিক দলের সাংগঠনিক নেতৃত্ব থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পৌঁছানোর ধারাবাহিকতাও তুলে ধরে। তাঁর জীবনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রতিকূলতা, ব্যক্তিগত বেদনা এবং সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটেছে।

তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তাঁর সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করার মতো বিষয়গুলো তাঁর সরকারের সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে থাকবে।

৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব এবং থ্রি-আর কর্মপরিকল্পনার বাস্তবায়নও তাঁর নেতৃত্বের অন্যতম বড় পরীক্ষা। রাজনৈতিক অঙ্গীকারকে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগে রূপান্তরিত করতে পারলেই এসব পরিকল্পনার প্রকৃত সাফল্য দৃশ্যমান হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন তাই শুধু তাঁর ব্যক্তিগত জীবনের একটি বিশেষ দিন নয়; বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অভিযাত্রা পর্যালোচনারও উপলক্ষ। সংগ্রাম থেকে নেতৃত্ব, নেতৃত্ব থেকে রাষ্ট্র পরিচালনা—এই পথচলার পরবর্তী অধ্যায় কতটা সফল হবে, তা নির্ভর করবে তাঁর সরকারের নীতি, সিদ্ধান্ত, বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের সক্ষমতার ওপর।

বাংলাদেশের মানুষের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক সমৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে একটি আত্মমর্যাদাশীল, বৈষম্যহীন ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে।

শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান।##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি