
সাত বছর আগে অর্থাৎ ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ নামের একটি ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন উঠতি সুন্দরী তারকা নিধি আগারওয়াল। ওই ছবিতে এই গ্ল্যামার গার্ল স্ক্রিন শেয়ার করেছিলেন টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতাদের সঙ্গে। কিন্তু ছবিটি সাফল্য না পাওয়ায় নিজের ক্যারিয়ার পরখ করার জন্য নিধি নাম লেখান ভারতের দক্ষিণী চলচ্চিত্রে। আর সেখানে তার ভাগ্য প্রসন্ন হয়, দারুণ সাফল্য মেলে নিধি’র।
জানা যায়, কয়েক বছরের বিরতি দিয়ে আবারও নিধি ফিরেছেন বলিউডের হিন্দি ছবিতে। তবে তার এই ছবিটি বড় পর্দার জন্য নয়, ওটিটি দিয়েই ঘটছে তার এই প্রত্যাবর্তন। ছবির নাম ‘আকিদো: আ রিভেঞ্জ ড্রামা’। এটি নির্মাণ করেছেন অভিষেক জসওয়াল। প্রযোজনায় প্রেরণা আরোরা। এর মাধ্যমে ওটিটি জগতেও অভিষেক হচ্ছে নিধির।
নিজের নতুন এই হিন্দি ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নিধি আগারওয়াল বললেন, এত ভালো একটি চিত্রনাট্য যে নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এটা এমন একটি ছবি, যেটা আমি নিজেও দর্শক হিসেবে দেখতে পছন্দ করবো। তাই নির্মাতা প্রেরণা আরোরা যখন আমাকে কল করেছিলেন, আমি মুহূর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। সেই সঙ্গে বলেছিলাম, ছবিটির জন্য শিডিউল যেভাবেই হোক মিলিয়ে নেবো।
জানা গেছে, বলিউডে ফেরার মধ্য দিয়ে নিধি এখন সমানতালে তিনটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন – তেলুগু, তামিল ও হিন্দি ছবিতে। এই বিষয়ে তার ভাষ্য, আমি অপেক্ষায় ছিলাম এমন একটি গল্পের জন্য, যেটা নিজের খুব পছন্দ হবে। এটাকে তেমনই মনে হয়েছে।
নিধি আগারওয়ালকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আগামীতে দেখা যাবে দুটি বড় ছবিতে। একটি পবন কল্যাণের সঙ্গে ‘হারি হারা ভিরা মাল্লু’, অন্যটি সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘রাজা সাব’। দুটি ছবিতেই মূল নায়িকার ভূমিকায় আছেন তিনি। এর আগে নিধিকে দক্ষিণের ‘ইসমার্ট শংকর’, ‘কালাগা থালাইভা’র মতো সফল ছবিতে দেখা গেছে।