
দুই বাংলার জনপ্রিয় তারকা টলি অভিনেত্রী ঋতুপর্ণা আরেকটি বাংলাদেশী ছবিতে অভিনয় করবেন। ছবিটির নাম ‘বাঙালি বিলাস’। এই ছবিতে অভিনয়ের জন্য এই তারকা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। অভিনয়ের জন্য বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে অনুমতিও দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এসেছে গণমাধ্যমে। চিঠিতে দেখা যায়, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা। এই সময়ের মধ্যেই এবাদুর রহমানের প্রযোজনা ও পরিচালনায় ‘বাঙালি বিলাস’ ছবিটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
উল্লিখিত ছবিতে ঋতুপর্ণা বাদে আর কোন কোন অভিনয় শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে – এটি এখনও নির্মাতা সূত্রে জানানো হয়নি। সর্বশেষ গেলো বছরের ১২ আগস্ট ‘স্পর্শ’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য ঢাকা এসেছিলেন ঋতুপর্ণা।