
বৃহস্পতিবার (১৫ মার্চ) বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন (এফডিসি)তে ডিপজল আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে মেজাজ হারান শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। আর এর ফলে তাকে উপস্থিত সাংবাদিকদের রোষানলে পরতে হয়। মিশা সওদাগর আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হবেন, তাই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন। তখন তিনি সাংবাদিকদের ওপর রেগে যান।
জানা গেছে, ইফতারে উপস্থিত সাংবাদিকরা মিশাকে প্রশ্ন করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি কি মিশা – ডিপজল প্যানেলে নির্বাচন করছেন ? এই প্রশ্ন শুনেই রেগে গিয়ে মেজাজ হারান মিশা।তিনি উত্তেজিত হয়ে বলেন, এখানে রোজিনা, সুচরিতা থাকতে তোমরা কেনো মাহিকে নিয়ে প্রশ্ন করছো ? তোমার বাবারা যাদের সিনেমা দেখেছে, তারা স্টেজে বসা। তাদের নিয়ে প্রশ্ন করো। সাকিব আল হাসান থাকতে মেহেদী মিরাজ নিয়ে কেউ প্রশ্ন করে।
এর আগে ১৪ মার্চ সকাল থেকেই সংবাদমাধ্যমে খবর আসে মাহিয়া মাহি শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন। যদিও মাহির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। খোঁজ নিয়ে জানা গেছে, মিশা – ডিপজল প্যানেলের পক্ষ থেকে মাহিয়া মাহিকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে।
সঙ্গত কারণেই সাংবাদিকরা মাহি’র নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে মিশা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছিলেন, মিডিয়াকে তো আমরা এখানে আসতে বলিনি। ওই সময় তিনি সব প্রশ্ন করা যাবে না বলেও মন্তব্য করেন। মূলত এর পরেই সাংবাদিকরা তার ওপর বিরাগভাজন হন।