
নিয়মের তোয়াক্কা না করেই চলছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নামের হিন্দি চলচ্চিত্র। একজন ব্যর্থ ক্রিকেটার ও চিকিৎসকের গল্পে নির্মিত এই ছবিটি সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিকৃত। শুক্রবার (৩১ মে) বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। স্মরণ শর্মা পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। বাংলাদেশে ছবিটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন।
তবে ছবিটি নিয়ম না মেনেই মুক্তি দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সেন্সর হওয়ার ২ দিন আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান জানায় গত ৩০ মে ছবিটি সেন্সর হয়েছে। এর একদিন পর শুক্রবার (৩১ মে) ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২ দিন পর রোববার (০২ জুন) সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম বলেন, ৩১ মে ছবিটির সেন্সর হয়েছে। সার্টিফিকেটে তারিখ ভুল হয়েছে। আমরা তারিখ সংশোধন করে দিচ্ছি। একই দাবি করলেন আমদানিকারক অনন্য মামুনও। তিনি বলেন, তারিখটা ভুল এসেছে সেটা কারেকশন করে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, এই রকম ভুল হওয়ার কথা না। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কীভাবে তারিখ ভুল হয় ? মামুন যদি নিয়ম না মেনে অন্যায় ভাবে ছবিটি মুক্তি দেয় সেটি মোটেও ভালো করেনি। বিষয়টি খতিয়ে দেখতে হবে।
প্রসঙ্গত, গেলো বছর থেকে বাংলাদেশের সিনেমা হলে চলছে বলিউডের চলচ্চিত্র। শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে শুরু, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।