
বলিউড তারকা সাইফ আলি খানের সঙ্গে তোলা ১৬ বছরের পুরনো ছবি প্রকাশ্যে আনলেন টলিউড তারকা শ্রীলেখা মিত্র। ছবিতে গলায় মঙ্গলসূত্র পরা শ্রীলেখা মিত্র দাঁড়িয়ে রয়েছেন বলিউড সুপারস্টার সাইফ আলি খানের সঙ্গে। ইনস্টাগ্রামে এমনই এক পুরনো ছবি পোস্ট করে রীতিমতো নেটিজেনদের অবাক করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রায়শঃ আলোচনার তুঙ্গে থাকা এই অভিনেত্রী।
জানা যায়, সাইফ আলি খানের সঙ্গে শ্রীলেখার ২০০৭ সালে তোলা। সেই ছবি হঠাৎ প্রকাশ্যে এনে আবারও আলোচনায় তিনি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সাদা শিফন সি থ্রু শাড়ির সঙ্গে মঙ্গলসূত্র পরা শ্রীলেখা ও সাদা টি শার্ট পরা সাইফের ওই ছবি ব্যাংককে তোলা। ওই সময়ে ব্যাংককে ‘হাম তুম’ ছবিটি শুটিং করতে গিয়েছিলেন সাইফ। আর শ্রীলেখা গিয়েছিলেন একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে। দুইজনের সঙ্গে কীভাবে দেখা হলো এমন প্রশ্ন শ্রীলেখাকে ছুঁড়ে দেয়া হলে শ্রীলেখা জানান, বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে আমার নায়ক ছিল সাইফ। তখনই ছবি তুলেছিলাম।
ছবিটি নিয়ে শ্রীলেখা আরও বলেন, ওই বিজ্ঞাপনচিত্র ছিল একটি চিপসের। মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় নির্মিত হয়েছিল বিজ্ঞাপনচিত্রটি। সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সুন্দর সময় কাটিয়েছিলাম ব্যাংককে। হঠাৎ স্মৃতি হাতড়ে ছবিটা পাই। তাই পোস্ট করলাম।