
স্টার আনন্দ প্রতিবেদক : চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবির পর আবারও বড়পর্দায় ঝড় তুলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে কিং খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘জওয়ান’। পাঠানদিয়ে যে ঝড় তুলেছিলেন সেটাই এবার সুনামি হয়ে এলো জাওয়ান এর মাধ্যমে। মাত্র তিন দিনে এই ছবিটি বিশ্বব্যাপী আয় করে নিয়েছে প্রায় ৩৬৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮০ কোটি টাকা)। ভারতের ইতিহাসে এর আগে কোনো ছবি এটা করতে পারেনি।
জানা গেছে, মুক্তির তৃতীয় দিন শনিবার (৯ সেপ্টেম্বর) জওয়ান এর আয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এদিন ভারতে ৭৪.৫ কোটি আয় করেছে শাহরুখ খানের ছবিটি। এর মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ তৃতীয় দিন হিন্দিতে ছবিটির আয় ৬৬ কোটি রুপি। এর আগে শনিবার ৬৬ কোটি আয় করেনি কোনো বলিউডি ছবি। সেই অর্থে রেকর্ড গড়েছে জওয়ান।
মুক্তির প্রথম দিনেই জওয়ান এর বক্স অফিস আয় ১২৯ কোটি রুপি। শুধু হিন্দি ভাষাতেই এটি আয় করে ৭২ কোটি রুপি। অন্যদিকে তামিল ও তেলুগু ভাষায় ১১ কোটির মতো আয় করেছে। সব মিলিয়ে শুধু ভারতে জওয়ান প্রথম দিনে ৮৩ কোটি রুপি আয় করে। এছাড়া সব মিলিয়ে মুক্তির প্রথম দিনে জওয়ান বিশ্বব্যাপী ১২৯ কোটি রুপি আয় করে। এরপর দ্বিতীয় দিনে জওয়ান বিশ্বব্যাপী আরও ১১০ কোটি রুপি আয় করে।
সব মিলিয়ে দুই দিনে বিশ্বব্যাপী ‘জাওয়ান’র মোট আয় ২৩৯ কোটি রুপি। তাই শুধু বলিউড নয়, গোটা ভারতের সিনেমা ইতিহাসে দুই দিনে ‘জাওয়ান’ এখন সর্বোচ্চ আয়ের সিনেমা। তৃতীয় দিনে ভারতে সিনেমাটির আয় ৮৪.৫ কোটি রুপি আর বিশ্বব্যাপী আয় করেছে আরো ৪০ কোটি রুপি। তাই প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ‘জাওয়ান’র মোট আয় দাড়িয়েছে ৩৬৩.৫ কোটি রুপি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজারসহ বিশ্বের ১০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের জওয়ান ছবিটি। এটি পরিচালনা করেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। ছবিটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও। শাহরুখ খান ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি, সঞ্জয় দত্ত প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জওয়ান ছবিটি দিয়ে তামিল পরিচালক অ্যাটলি’র বলিউডে অভিষেক হলো। তার সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতিও নাম লেখালেন বলিউডে।