
‘নাকের ডগায় কালো তিল আর বাম গালেতে টোল’
এই জিরাপের মতো লম্বা শিরোনামের কবিতাটি
দুইযুগ আগে হৃদিতাকে নিয়েই লেখা।
কবিতাটি আমার কাছে নেই
থাকার কথাও না-
হৃদিতা তখন নিয়ে গিয়েছিল।
এতদিন কবিতাটির কথা ভুলেই ছিলাম
যেমন করে ভুলে আছি তাকে…।
অবাক! আজ সেই কবিতাটির আবৃত্তি শুনলাম-
একটি এফএম রেডিওতে।
কিন্তু, কবির নাম বললো- অনন্ত শাওন
নাম শুনে প্রথমে একটা ধাক্কা খেলাম!
ভাবলাম কে এই প্রেতাত্মা কবি?
বিষয়টা আমার স্ত্রীর সঙ্গে শেয়ার করলাম-
সঙ্গে-সঙ্গে সে উত্তর বললো- ও ভুলে গেছো
শাওন আহমেদ অনন্তকে? ওই যে- তোমার
সেই হৃদিতার বর, সংক্ষিপ্তরূপে অনন্ত শাওন।
বউটা আমার করুনামাখা মুচকি হাসি দিয়ে বললো-
দেখলে ছা-পোষা কবি সীমান্ত তানসেন-
হৃদিতা শুধু তোমার হৃদয় নয়
কবিতাও নিয়ে দিয়েছে তার বরকে।